প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:৫৩ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পোনা অবমুক্তকরণ ও ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় রাঙামাটি শহরের ফিশারী ঘাট (বিএফডিসি)-এ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ ইমাম উদ্দীন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়া বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্য ব্যবসায়ী ও জেলেসহ প্রায় ২৫০-৩০০ জন অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ দেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারা অবৈধভাবে মাছ আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার এবং প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা হ্রদের নাব্যতা সংকট নিরসনে পরিকল্পিত ড্রেজিং, দূষণ নিয়ন্ত্রণ, নিবন্ধিত জেলেদের কৃষি কার্ডের আওতায় আনা, সহজ শর্তে ঋণ প্রদান এবং অভয়াশ্রম চলাকালীন সরকারি সহায়তা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন। এদিন ১ টন মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আরও ৫৯ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে।
