প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:০২ পিএম
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আসন্ন গণশুনানিকে সামনে রেখে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মুশফিকুর রহমান, দুদকের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।
ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, শহরের পাবলিক লাইব্রেরির সামনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে—মোট তিনটি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
এছাড়া সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, গণমাধ্যমকর্মীরা দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যমান দুর্নীতির বিষয়গুলো মৌখিকভাবে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলেও অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
