বৃহস্পতিবার ০৭, মে ২০২৬

বৃহস্পতিবার ০৭, মে ২০২৬ -- : -- --

কালিগঞ্জে এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৪৪ পিএম

এমপি কলেজে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা শিমু রেজা এমপি কলেজে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। মেঘলা আকাশের মধ্যেও কলেজ ক্যাম্পাসে ছিল পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল আয়োজন।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও উপস্থাপনা বক্তব্য দেন প্রভাষক অভিষেক কুমার ও সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারা কালিগঞ্জের শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চর্চার ওপরও জোর দেন বক্তারা।

সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বক্তব্যে বলেন, "আমাদের নিজেদের আগে চরিত্রবান ও সৎ হতে হবে। আমরা যদি সৎ না হতে পারি, তাহলে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমি কালিগঞ্জ ও আশাশুনির সর্বস্তরের মানুষের অভিভাবক। যতদিন জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, ততদিন আমি সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ।"

অপরদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, "প্রতিষ্ঠান যেই করুক বা যার নামেই হোক, সেটি বড় বিষয় নয়। আমি দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকতে চাই। চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়েই করবো।"

তিনি আরও বলেন, "মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ীদের দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক নির্মূলে কঠোর শাস্তির বিকল্প নেই। আমি আগামী সংসদ অধিবেশনে মাদকের ভয়াবহতা এবং এলাকার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের বিষয়টি তুলে ধরবো।"

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Link copied!