প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুণীজন আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।
নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের কৃতী সন্তান সিদ্দিকুর রহমান ২০০০ সালের ৫ মে ইন্তেকাল করেন। তিনি আধুনিক নবীনগরের রূপকার হিসেবে পরিচিত ছিলেন এবং এলাকার উন্নয়নে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কর্মজীবনে তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সলিমগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা, মিশরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জীবদ্দশায় তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠাসহ অসংখ্য সেতু ও কালভার্ট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বহু শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছিলেন তিনি।
তার সততা, প্রজ্ঞা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয়দের কাছে তিনি আজও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
