প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগারে পাণ্ডুলিপি বিষয়ক তিনদিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ই-জোনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপিগুলো যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হলে তা শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করবে। তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, কলা অনুষদের অন্তর্ভুক্ত ৯টি বিভাগের ৫১ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন।
