প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর দীর্ঘস্থায়ী আবাসন সংকট নিরসন এবং অতীতে গেস্টরুম ও গণরুমে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটি এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অতীতে হলগুলোতে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, যার ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, “আমরা আগের প্রশাসনের কাছেও একাধিকবার এ দাবি জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান প্রশাসনের কাছে আমরা স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।”
আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে শয্যা বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং যাদের আবাসন সুবিধা দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসনবৃত্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়, যাতে কোনো সংগঠনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত না ঘটায়।
