খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছাদুজ্জামান
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:৪১ এএম
রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --
ফাইল ফটো । ক্যাম্পাস রিপোর্ট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমদ। গত ১৬ এপ্রিল (০৩ বৈশাখ, ১৪৩৩) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
মনোনীত দুই সংসদ সদস্য হলেন,
১. জনাব রকিবুল ইসলাম, সংসদ সদস্য, ১০১ খুলনা-৩।
২. জনাব এস কে আজিজুল বারী, সংসদ সদস্য, ১০২ খুলনা-৪।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১৯(১)(গ) ধারা মোতাবেক মাননীয় স্পিকার এই মনোনয়ন প্রদান করেছেন। ইতিপূর্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক পত্রের (সূত্র নং-খুকৃবি/রেজি./কার্য/প.শা./সিন্ডিকেট গঠন/০১/২০১৯/২৩১) প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
রফিকুল ইসলাম বকুল ২০২৩ সাল হতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করা হয়।
এস. কে আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
খুলনা অঞ্চলের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই মনোনয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।