ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:১৭ এএম
রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --
ছবি। কৃষি বার্তা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ নেছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
শনিবার (২ মে) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ক্লাবের উপদেষ্টা এবং সাবেক সভাপতি নবগঠিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ২৯ এপ্রিল (বুধবার) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ২১৮ নম্বর রুমে উক্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুন নাইম, সহ-সাধারণ সম্পাদক আবু তালহা ফাহাদ, সাংগঠনিক সম্পাদক নাঈম হাওলাদার, কোষাধ্যক্ষ আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারিয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য আজিজুল হাকিম ও মুহাইমিনুল ইসলাম মুন্না।
নবনির্বাচিত সভাপতি শেখ নেসার উদ্দিন বলেন, আগামী এক বছরের জন্য আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যেমন, আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করবো। বিভিন্ন সেমিনারের আয়োজন, মেধার বিকাশের জন্য লাইব্রেরী প্রতিষ্ঠা করব এবং সকলকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবো। বিভিন্ন ন্যাশনাল ইভেন্টে আমরা অংশগ্রহণ করবো এবং সেখানে আমরা নিজেদের জায়গা তৈরী করে নিব । ক্লাবকে আরো সামনে এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।
ক্লাবটির উপদেষ্টা ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারেকুজ্জামান বলেন, এক বছরে সবাই অক্লান্ত পরিশ্রম করে ক্লাবকে সামনে এগিয়ে নিয়েছো। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলাফল আজকের এই ক্লাব। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করতে হবে। ইইই ক্লাবকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে যাকে দেখে অন্যরা উৎসাহ পাবে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, আমরা তোমাদের সমস্যা সমাধানের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে বিশুদ্ধ পানির ফিল্টারের সমস্যা আমরা সমাধান করবো। ক্লাবের রুমের ব্যবস্থা করবো। তোমরা যেন আমাদের সেমিনার গুলোতে অংশগ্রহণ করতে পারো তার জন্য ছুটির দিনে আমরা সেমিনারের আয়োজন করেছি।