রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ঈদগাঁওতে স্মার্ট কৃষি নিয়ে পার্টনার সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কক্সবাজারের ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা বিষয়ে পার্টনার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২ মে) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি ও কৃষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাসেল রানা।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো. মোক্তারুল ইসলাম, বাংলাদেশ বেতারের সংবাদদাতা মো. রেজাউল করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এবং পার্টনার ফিল্ড পুষ্টি স্কুলের পরিচালক জাহেদুল আবছার ও শাহেনা আক্তার লিলি।

সমাবেশে উত্তম কৃষি চর্চা, এর বাস্তবায়ন পদ্ধতি, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি এবং পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের কৃষিখাত উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলোও তুলে ধরা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকের জীবন-জিবীকা কৃষির উপর নির্ভরশীল। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে আধুনিক কৃষি ব্যবস্থার কোন বিকল্প নেই। বর্তমান সরকার কৃষির উন্নয়নে কৃষি বিষয়ক গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে। তাই নতুন নতুন গবেষণার মাধ্যমে এ খাতকে আরো সমৃদ্ধ করতে হবে।”

সভাপতি তার বক্তব্যে বলেন, “কৃষকদের সংগঠন এখনো সরকারিভাবে নিবন্ধিত না হওয়ায় কৃষকরা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তিনি কৃষি প্রধান এ দেশে কৃষকদের জন্য ইনস্যুরেন্স বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তার মতে জলবায়ু উপযোগী কৃষিকে এগিয়ে নেয়ার জন্য সনাতন কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল পুষ্টিকর কৃষিতে রূপান্তর করতে হবে। স্মার্ট কৃষিতে রূপান্তর করা না গেলে দেশে খাদ্য সংকট বাড়বে। অথচ বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নকে তাদের ইশতেহারে অগ্রাধিকারে রেখেছে।”

কক্সবাজার সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল সালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম এবং ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ ছোট্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন বড়ুয়া, আবিদা নাসরিন তন্নী, শাহ আলম, অক্ষয় দাস, শাহেদ মোহাম্মদ কায়সার, আবছার কামাল, অনিরুদ্ধ বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, এনজিও কর্মী এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা।

সমাবেশে অংশগ্রহণকারীরা স্মার্ট কৃষি ব্যবস্থার প্রসার এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চা জোরদারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!