হবিগন্জ কৃষি বিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:৩২ পিএম
শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কর্মশালা
অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবিগঞ্জের বাহুবলে দুই দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’-এ আয়োজিত এ কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির আয়োজন করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা। এতে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
এ কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা জানান, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে শিক্ষা এখনো অনেকাংশে তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ। এ বাস্তবতা থেকে উত্তরণে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কারিকুলাম সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
বিশেষভাবে “অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ” এবং “ওয়ান হেলথ” নীতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দুই দিনব্যাপী এ কর্মশালার মূল উদ্দেশ্যের মধ্যে ছিল বৈশ্বিক এএমআর কাঠামোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সামঞ্জস্য বিধান, কারিকুলামে বিদ্যমান ঘাটতি চিহ্নিত করা, আধুনিক শিক্ষণ পদ্ধতির ভিত্তিতে নতুন মডিউল তৈরি এবং তা একাডেমিক কাঠামোয় অন্তর্ভুক্তির জন্য কার্যকর রোডম্যাপ প্রণয়ন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং টেকসইভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে একটি কার্যকর ভিত্তি তৈরি হবে।