শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

সিকৃবিতে ডি-নথি প্রশিক্ষণ, নিরাপদ প্রশাসনের ওপর জোর

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:২৩ পিএম

প্রশাসনিক কাজ নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন -সিকৃবি ভিসি

প্রশাসনিক কার্যক্রমকে নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করতে ডি-নথি ব্যবস্থার বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ই-রিসোর্স সেন্টারে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “প্রচলিত কাগজনির্ভর নথি ব্যবস্থাপনা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। এর বিপরীতে “ডি নথি” ব্যবস্থা আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় আনবে নতুন মাত্রা যেখানে ফাইল প্রেরণ, অনুমোদন, সংরক্ষণ ও অনুসন্ধান সবকিছুই এখন অনলাইনে, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে শুধু সময় ও সম্পদের সাশ্রয়ই নয়, বরং পরিবেশবান্ধব একটি দাপ্তরিক সংস্কৃতিও গড়ে উঠবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তারা ডি-নথি ব্যবস্থার ব্যবহার, প্রয়োগ এবং এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Link copied!