শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

কটিয়াদীতে শোভাযাত্রা ও আলোচনা সভায় মহান মে দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০২:৫৮ পিএম

উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা

"শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএসপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মে দিবসের কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা রাজমিস্ত্রী ও সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন এবং দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Link copied!