প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শেষ হয়েছে| কর্মসূচির মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি|
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান মি. আওয়াগি ইউ (Mr. Aoyagi Yu) সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন| স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল মামুন| বিভাগের শিক্ষার্থী মারিয়া রহমান এবং আকিব হোসাইন অনুষ্ঠান সঞ্চালন করেন|
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার উপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ জনবল ˆতরি, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হওয়া উচিত| বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী| বাংলাদেশে প্রায় ২০০টি জাপানি কোম্পানি কাজ করছে| অবকাঠামোগত উন্নয়ন, বন্দর ও বিদ্যুৎ খাতের উন্নয়নে তিনি জাপানের আরও সহযোগিতা চান| জাপান ফাউন্ডেশন ও জাইকার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘জাপানিজ স্টাডিজ ডে’ শুধু একটি উৎসব নয়, বরং এটি একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের একটি সুন্দর সমন্বয়| তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|
