প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ এএম
রাজনীতি নিষিদ্ধ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ক্যাম্পাসে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। ছাত্রদল ও ছাত্রশিবিরের তৎপরতা ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টায় ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিদ্যমান সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা, অবৈধ ও অনিয়মিত হল সিট বরাদ্দ বাতিল করা, দখলকৃত হল সিট উদ্ধার করে প্রকৃত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ কামনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
