নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে। সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেনকে ক্যাম্পাস থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সহ-সভাপতি আমিনুল ইসলামের অনুসারীরা সাব্বির হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা চালায়।
ঘটনার পেছনে ভিসি পতন কর্মসূচি নিয়ে অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, “আমি ভিসি পতনের ডাক দিয়েছিলাম… তারা আমার ওপর হামলা চালিয়েছে।”
অভিযুক্ত আমিনুল ইসলাম দাবি করেন, “ওটা আমাদের অভ্যন্তরীণ একটা মনোমালিন্য… ইতিমধ্যে সমাধান করা হয়েছে।”
শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “এটা সিনিয়র-জুনিয়রদের মধ্যে ধাক্কাধাক্কি ছিলো, আলোচনা করে মীমাংসা হয়েছে।”