প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
বাংলা নববর্ষ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নবিতানের' তিন দিনব্যাপী বৈশাখীয়ানা উৎসব-১৪৩৩। রবিবার (১৯ এপ্রিল) থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার (২১ এপ্রিল) উৎসবের শেষ দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো বটতলা প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা যায়, উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি প্রদর্শনীর পাশাপাশি উদ্যোক্তাদের মৃৎশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাহারি ব্যানারে স্টল সাজিয়েছেন। এতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম, ফরিদপুরের ভেলপুরি ও রসগোল্লাসহ বাহারি দোকান নিয়ে অংশ নিয়েছেন ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তারা।
এছাড়া চিত্তবিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন দেখা গেছে।
আয়োজকবৃন্দ জানান, বৈশাখীয়ানা উৎসবে মোট ৩৩ টি স্টল ছিল।এতে দ্বিতীয় দিনে লোকগান এবং শেষ দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
স্বপ্নবিতানের সভাপতি সায়েম আহমেদ বলেন, নতুন বছরকে বছর বরণ করে নেওয়ার জন্য স্বপ্নবিতান দ্বিতীয়বারের মতো নববর্ষকে বরণ করে নিতে আয়োজন করেছে 'বৈশাখীয়ানা উৎসব-১৪৩৩। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা কাজ করছি। স্বপ্নবিতানে সংস্কৃতির যে অঙ্গনটি আছে, সেখানে মৌলিক বিষয়টি হলো সংস্কৃতির মাধ্যমে দেশপ্রেমকে তুলে ধরা। সে কাজটিই আমরা করেছি।
মেলায় ঘুরতে এসে উচ্ছাস প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, গত বছরের ন্যায় এবছরও বৈশাখীয়ানা উৎসব হওয়ায় খুবই আনন্দিত। এখানে বিভিন্ন স্টলে বাহারী রকমের খাবার, বাঙালি সংস্কৃতি তুলে ধরা হয়েছে। প্রতিবছরই এমন আয়োজন হওয়া দরকার।
