প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত ১৩টি ক্যাটাগরিতে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, প্রশিক্ষণ সহকারী ১ জন এবং সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া হিসাব সহকারী ৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জন নেওয়া হবে।
অন্যদিকে অভ্যর্থনাকারী ১ জন, টেলিফোন অপারেটর ২ জন এবং গাড়িচালক ৫ জন নিয়োগ পাবে। নিম্ন গ্রেডে অফিস সহায়ক পদে সর্বাধিক ৩৬ জন, নিরাপত্তা প্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি হিসেবে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রেই ফি ৫৬ টাকা নির্ধারিত।
আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আবেদন গ্রহণ শুরু হবে ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১১ মে ২০২৬ বিকেল ৫টায়।
