শনিবার ০৬, জুন ২০২৬

শনিবার ০৬, জুন ২০২৬ -- : -- --

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলার তদন্ত সিআইডিতে

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১১:২০ এএম

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্তভার অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মো. জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আশুলিয়া থানার মামলা নং-৮০, তারিখ ১৩ মে ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৩০৭ ধারায় দায়ের হওয়া মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

আদেশে বলা হয়, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং ঢাকা জেলার পুলিশ সুপারের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপারকে  মামলাসংক্রান্ত সব নথিপত্র  দ্রুত সিআইডির মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

Link copied!