শনিবার ০৬, জুন ২০২৬

শনিবার ০৬, জুন ২০২৬ -- : -- --

বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর বিক্রির চেষ্টা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফার্মে উৎপাদিত মাগুর মাছে বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা রং মেশানো মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে রায়হান মিয়া নামের এক ব্যবসায়ী ফার্মে উৎপাদিত মাগুর মাছে বিষাক্ত রং মিশিয়ে দেশি মাগুর হিসেবে বাজারজাত ও বিক্রির চেষ্টা করছেন বলে প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় জব্দ করা প্রায় সাড়ে ৮ কেজি রং মেশানো মাগুর মাছ গর্ত খুঁড়ে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, "বিষাক্ত রং মিশিয়ে ফার্মের মাগুর বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালাই। অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে। এমন প্রতারণা যাতে ভবিষ্যতে না হয়, এজন্য সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান চলবে।"

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় বাজারে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Link copied!