প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১০:৩৭ পিএম
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি.কে. দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সভাপতি ড. নাসির উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণে নাগরিক দায়িত্ব এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বক্তারা পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
