প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
