প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ এএম
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ ধাপে অংশগ্রহণ করবেন মোট ৩ হাজার ২২৯ জন প্রার্থী।
প্রকাশিত সূচি অনুযায়ী, মৌখিক পরীক্ষা আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ৪ মে ২০২৬ পর্যন্ত চলবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯৯৭টি শূন্যপদ পূরণ করা হবে।
মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায়।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীদের অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি (এ৪ সাইজে) ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার আগে জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) প্রদর্শন করতে হবে।
পরীক্ষা শুরুর আগে থেকে শেষ পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
প্রার্থীরা নিজ নিজ রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময় জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।
