প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি নাজেহালের শিকার হন।
জানা গেছে, ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাশের দাবিতে বিক্ষোভ করছিলেন। এ সময় তারা উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করে এবং এক পর্যায়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২১ মে একই দাবিতে আন্দোলনরত স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় আহত হয়েছিলেন উপাচার্য ড. আমানুল্লাহ।
ঘটনার পর উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি মেনে নেওয়া সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাশ সমর্থন করে না।”
তিনি আরও বলেন, শিক্ষার মান বজায় রাখতে অটোপাশ ও অতিরিক্ত গ্রেস নম্বর নিরুৎসাহিত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রশাসন ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেবে। তার মতে, “অটোপাশ চালু হলে দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
