বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:১৬ পিএম

স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

এ সময় সংশ্লিষ্ট অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সহকারী পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে এবং শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্যও প্রস্তুত করে। তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের বক্তব্য শেষ করেন।

Link copied!