বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

মাউশি © লোগো

দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের শনাক্ত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।’

কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি আগামী এপ্রিল ২০২৬ থেকে কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের শনাক্ত করতে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে ২৬ মার্চ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বিশেষ ম্যাচে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে এবং বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি বিস্তৃত পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’

Link copied!