প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম
জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম Zoom তাদের গ্রাহকসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ভার্চ্যুয়াল এজেন্টের নতুন সংস্করণ উন্মোচন করেছে। ‘জুম ভার্চ্যুয়াল এজেন্ট ৩.০ (জেডভিএ ৩.০)’ নামের এই আপডেটেড সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নত ব্যবহার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের নানা জটিল সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন ভার্সনটি গ্রাহকদের একই সমস্যা নিয়ে বারবার যোগাযোগের ঝামেলা কমাবে। ভয়েস ও চ্যাট—উভয় মাধ্যমেই এই এজেন্ট কাজ করতে পারবে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা যে নথি, ফরম বা ছবি জমা দেবেন, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্তও নিতে পারবে সিস্টেমটি। ফলে অনেক ক্ষেত্রেই মানব সহায়তা ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
জুম জানিয়েছে, করপোরেট গ্রাহকদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হবে। ‘ফার্স্ট কন্টাক্ট রেজোল্যুশন’ বা প্রথম যোগাযোগেই সমস্যার সমাধান নিশ্চিত করতে জেডভিএ ৩.০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে গ্রাহকসেবায় পুনরাবৃত্তি কমবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ কর্মপ্রবাহ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।
ভিডিও কনফারেন্সিং সেবা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে জুম একটি সমন্বিত ক্লাউডভিত্তিক ব্যবসায়িক যোগাযোগ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নতুন ভার্চ্যুয়াল এজেন্ট সংস্করণের মাধ্যমে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম), বিলিং, অর্ডার ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি পরিচালন ব্যয়ও কমবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআইচালিত এই আপডেট জুমকে করপোরেট সেক্টরে আরও শক্ত অবস্থান নিতে সহায়তা করবে। ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে জেডভিএ ৩.০। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা দ্রুত, নির্ভুল এবং ঝামেলামুক্ত গ্রাহকসেবার অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।
