শুক্রবার ২০, নভেম্বর ২০২৬

শুক্রবার ২০, নভেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সামিট, থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

প্রতীকী ছবি

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সামিট-২০২৬’। আগামী ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কানেক্টিং নলেজ উইথ প্র্যাকটিস: শেপিং দ্য ফিউচার ওয়ার্কফোর্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। সামিটের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে দেশের প্রায় ১০০টি শিল্প ও উদ্ভাবন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া প্রায় দুই হাজার শিক্ষক, গবেষক, উদ্ভাবক, ফ্রিল্যান্সার ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে।

Link copied!