প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নিয়োগ বোর্ডে সাবেক ছাত্রলীগ সংশ্লিষ্ট এক প্রার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সেই প্রার্থী হলেন, আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান। আরিফুজ্জামান ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. সাজ্জাদ হোসেনের ঘনিষ্ঠভাজন ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, আরিফুজ্জামান আরিফের বাড়ি ফরিদপুরের মধুখালী এলাকায়। তিনি বর্তমানে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক ভিসি ও আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খাতিরে তিনি তার হাত ধরে টাইমস ইউনিভার্সিটিতে নিয়োগ পান। আক্তারুল ইসলাম জিল্লু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি ফ্যাসিস্টের দোশর হিসেবে পরিচিত। এছাড়া জুলাই বিরোধী ভূমিকার কারণে বহিষ্কৃত ছিলেন। সেই আক্তারুল ইসলাম জিল্লুর ঘনিষ্ঠ ও তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদকে মামা পরিচয় দেওয়া আরিফকে নিয়োগে তোড়জোড়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি মহল আরিফকে ল' ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নিয়োগের ক্ষেত্রে সক্রিয় তৎপরতা চালাচ্ছে। এছাড়া তাঁর নিয়োগের পক্ষে সুপারিশ ও প্রশাসনিক পর্যায়ে যোগাযোগও চলছে বলে অভিযোগ উঠেছে। বিভাগটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আল ফিকহ্ অ্যান্ড ল' বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। ছাত্রলীগ ঘনিষ্ঠ আরিফুজ্জামান জুলাই পরবর্তী সময়ে বিএনপিপন্থি শিক্ষক আনোয়ারুল ওহাবের ঘনিষ্ঠ হয়ে উঠেন। এছাড়া আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. আমজাদ হোসেনের সঙ্গে আরিফের প্রায় এক যুগেরও বেশি সময়ের ঘনিষ্ঠতার বিষয়টিও ওপেন সিক্রেট। আরিফ এই জুলাইবিরোধী ভূমিকায় অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেনের পিএইচডি ফেলো বলে জানা গেছে এবং তারই সুপারিশে আওয়ামীপন্থি শিক্ষক আক্তারুল ইসলাম জিল্লুর মাধ্যমে টাইমস ইউনিভার্সিটিতে নিয়োগ পান।
ফ্যাসিস্ট নিয়োগের বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, আমরা প্রশাসনকে অবহিত করেছি প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
ফ্যাসিস্ট নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
