প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম
বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্র আগামী কয়েক দশকে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। জন্মহার, বয়সকাঠামো, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের মতো বিষয় এ রূপান্তরের পেছনে ভূমিকা রাখবে। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাস বলছে, মুসলিমদের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৭০ সালের মধ্যে তারা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। এর মধ্য দিয়ে কয়েক শতাব্দী ধরে সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনগোষ্ঠী।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান-উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে মুসলিমদের সংখ্যা বাড়বে তুলনামূলক দ্রুতগতিতে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। বিপরীতে খ্রিষ্টানদের সংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু কম।
গবেষণা প্রতিবেদনটির নাম ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ অংশের এ প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
গবেষণায় সাতটি জনগোষ্ঠীকে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেন না-এমন মানুষ। বিশ্বের ২০১টি দেশ ও ভূখণ্ডের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এসব দেশ ও ভূখণ্ডে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। প্রতিবেদনটি লিখেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
মুসলিমদের জনসংখ্যা বাড়বে সবচেয়ে দ্রুত
পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ সময় খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে ৩০ শতাংশ এবং মুসলিমদের ৮০ শতাংশ।২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন প্রায় ২৩০ কোটি এবং মুসলিম ২০২ কোটি। মুসলিমদের সংখ্যা বিশ্বের গড় জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় দ্রুত বাড়বে। ফলে বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ ২৬ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা বাড়লেও মোট জনসংখ্যায় তাদের অনুপাত প্রায় ২৯ শতাংশে স্থির থাকতে পারে।
এ সময়ে হিন্দুদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যায় তাদের অনুপাত কমবে। ইহুদিদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যেতে পারে। বৌদ্ধদের সংখ্যা ও জনসংখ্যায় তাদের অংশ-দুটিই কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও লোকধর্মসহ অন্যান্য ধর্মের অনুসারীদের মোট সংখ্যা সামান্য বাড়তে পারে। তবে বিশ্ব জনসংখ্যায় তাঁদের সম্মিলিত অনুপাত ২ শতাংশের নিচে নেমে আসবে। অন্যদিকে কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন-এমন মানুষের অনুপাত ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হতে পারে।
অঞ্চল ও দেশভিত্তিক ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন
আগামী কয়েক দশকে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের প্রতিটিতেই মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের হার বাড়তে পারে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত কমার পূর্বাভাস দিয়েছে পিউ।
ইউরোপে ধর্মীয় পরিচয়হীন মানুষের হার এক-চতুর্থাংশ থেকে বেড়ে প্রায় এক-তৃতীয়াংশ হতে পারে। একই সময়ে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। এ অঞ্চলে হিন্দুরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন। উত্তর আমেরিকায় খ্রিষ্টানদের অনুপাত ৬৩ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে আসতে পারে। ফলে অঞ্চলটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
দেশভিত্তিক হিসাবেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ২০২০ সালে বিশ্বের ১৯৪টি দেশে কোনো একটি ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালে এ সংখ্যা কমে ১৮৫টিতে দাঁড়াতে পারে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০টি থেকে কমে ১১০টিতে নেমে আসতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশগুলো তখন আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে না।
অন্যদিকে আইভরি কোস্ট নতুন করে যুক্ত হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩টি থেকে বেড়ে ৫৪টি হতে পারে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হওয়ায় ধর্মীয় পরিচয়হীন সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যাও বেড়ে ১৩টিতে দাঁড়াতে পারে। এ ছাড়া মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
এশিয়ায় মুসলিমদের দ্রুত বৃদ্ধি
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০২০ সালে এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। এ অঞ্চলে সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো ধর্মীয় পরিচয়হীন মানুষ। জরিপ বা আদমশুমারিতে যারা নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেন না, তাদের এ শ্রেণিতে রাখা হয়েছে। তাদের অনেকে নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে পরিচয় দেন। আবার কেউ কেউ শুধু জানান, তাদের কোনো ধর্ম নেই।
পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা ছিল প্রায় ১৫০ কোটি। ২০৭০ সালে তা কমে ১১০ কোটিতে দাঁড়াতে পারে। চীনের জনসংখ্যা কমে যাওয়াকে এ পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিশ্বের ধর্মীয় পরিচয়হীন মানুষের বড় অংশের বসবাস চীনে।
অন্যদিকে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে। পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন। ২০৭০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৬১ কোটি ৯০ লাখ বেশি। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটিই এ অঞ্চলে-পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
পিউয়ের গবেষণা বলছে, ২০৭০ সালে সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
সাব-সাহারান আফ্রিকায়ও বাড়বে মুসলিমদের সংখ্যা
সাব-সাহারান আফ্রিকায় মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়তে পারে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। এ অঞ্চলের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের অংশ ৬২ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশে নেমে আসতে পারে।
২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষের বসবাস হবে আফ্রিকা অঞ্চলে। সেখানকার অধিকাংশ মানুষ খ্রিষ্টান বা মুসলিম। উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির ফলে এ দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়তে পারে। বিপরীতে ইউরোপের জনসংখ্যা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্ব জনসংখ্যায় ইউরোপের অংশ ১০ শতাংশ থেকে কমে ৬ শতাংশ হতে পারে।
বাংলাদেশেও বদলাতে পারে ধর্মীয় জনসংখ্যার অনুপাত
পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। তখন মুসলিমদের অনুপাত বেড়ে ৯২ শতাংশ হতে পারে।
অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের অনুপাত ২০২০ সালের ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে। পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।
২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হতে পারে। আর হিন্দু জনগোষ্ঠীর সংখ্যার দিক থেকে থাকবে তৃতীয় অবস্থানে। অর্থাৎ, ধর্মীয় জনসংখ্যার অনুপাতে কিছুটা পরিবর্তন এলেও দেশে মুসলিম ও হিন্দু-উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়তে পারে।
ভারতে বাড়বে মুসলিমদের সংখ্যা, কমবে হিন্দুদের অনুপাত
২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে সংখ্যার হিসাবে হিন্দুদের জনসংখ্যা কমবে না; বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে তা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। ২০৭০ সালেও বিশ্বের সবচেয়ে বেশি হিন্দুর বসবাস থাকবে ভারতে।
ভারতে মুসলিমদের সংখ্যা ও মোট জনসংখ্যায় তাদের অনুপাত-দুটিই বাড়তে পারে। ২০২০ সালে দেশটিতে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। তখন ভারতের মোট জনসংখ্যার ১৯ দশমিক ৬ শতাংশ হবেন মুসলিমরা। ২০২০ সালে এ হার ছিল ১৫ দশমিক ২ শতাংশ।
কেন বদলাচ্ছে ধর্মীয় জনসংখ্যার চিত্র
গবেষকদের মতে, ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনসংখ্যাতাত্ত্বিক কারণ। অনেকের ধারণা, ধর্ম পরিবর্তনই এ পরিবর্তনের প্রধান কারণ। তবে গবেষণায় বলা হয়েছে, ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রভাব থাকলেও অধিকাংশ পরিবর্তন ঘটে জন্ম ও মৃত্যুর হিসাবের কারণে।
গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে-বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্মীয় পরিচয় পরিবর্তন ও অভিবাসন।
এ শতকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোতে। এ অঞ্চলটি সাব-সাহারান আফ্রিকা নামে পরিচিত। ২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষের বসবাস হবে এ অঞ্চলে। সেখানকার অধিকাংশ মানুষ খ্রিষ্টান বা মুসলিম। ফলে উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির কারণে দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়তে পারে।
বয়সকাঠামো
মুসলিমরা অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় সবচেয়ে তরুণ। অর্থাৎ, এ জনগোষ্ঠীতে কম বয়সী মানুষের অনুপাত বেশি। ২০২০ সালে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর। অন্যদিকে অমুসলিমদের মধ্যম বয়স ছিল ৩৩ বছর। অর্থাৎ, বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার অর্ধেকের বয়স ২৪ বছর বা তার কম। বিপরীতে অমুসলিমদের অর্ধেকের বয়স ৩৩ বছর বা তার কম।
পরিসংখ্যানে দেখা গেছে, মুসলিমদের এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের কম। অন্যদিকে বৌদ্ধ ও ধর্মীয় পরিচয়হীন মানুষের মধ্যে এ হার এক-পঞ্চমাংশেরও কম। ফলে মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশ সন্তান জন্মদানের বয়সে রয়েছে বা শিগগিরই সে বয়সে পৌঁছাবে।
বিশ্বজুড়েই মানুষের বয়স বাড়ছে। ২০২০ সালে ৫০ বছর বা তার বেশি বয়সীদের অনুপাত ছিল ২৪ শতাংশ। ২০৭০ সালে তা বেড়ে ৩৮ শতাংশ হতে পারে। তখনো মুসলিমরা সবচেয়ে তরুণ ধর্মীয় জনগোষ্ঠী থাকবেন, তবে অন্যদের সঙ্গে বয়সের ব্যবধান কমে আসবে। ২০৭০ সালে ৫০ বছর ও তদূর্ধ্ব বয়সীদের হার মুসলিমদের মধ্যে ৩১ শতাংশ এবং খ্রিষ্টানদের মধ্যে ৩৪ শতাংশ হতে পারে।
জন্মহার
মুসলিমদের জন্মহারও অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি। ২০২০-২০২৫ সময়ে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা বা প্রজনন হার ছিল ৩ দশমিক ১। অমুসলিম নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ০।
অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে খ্রিষ্টানদের প্রজনন হার ছিল ২ দশমিক ৫, ইহুদিদের ২ দশমিক ৩, অন্যান্য ধর্মের অনুসারীদের ২ দশমিক ১, হিন্দুদের ১ দশমিক ৯, বৌদ্ধদের ১ দশমিক ৬ এবং ধর্মীয় পরিচয়হীনদের ১ দশমিক ৩।
২০২০-২০২৫ সময়ে মুসলিম মায়েরা আনুমানিক ২৫ কোটি ২০ লাখ সন্তানের জন্ম দিয়েছেন। একই সময়ে খ্রিষ্টান মায়েদের সন্তান জন্মদানের সংখ্যা ছিল ২০ কোটি ৮০ লাখ। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, আগামী দশকগুলোতে জন্মের সংখ্যা শুধু মুসলিমদের মধ্যেই বাড়তে থাকবে। অন্য ধর্মীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে এ সংখ্যা স্থির থাকতে পারে অথবা ধীরে ধীরে কমতে পারে।
এ ক্ষেত্রে একটি বিষয় বিবেচনায় রাখা জরুরি। জন্মহারের হিসাবটি ২০২০-২০২৫ সময়ের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। আর ২০৭০ সাল পর্যন্ত জনসংখ্যার পূর্বাভাস তৈরির ক্ষেত্রে ভবিষ্যতে জন্মহারের সম্ভাব্য পরিবর্তনও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকেরা ধরে নিয়েছেন, বর্তমানে যেসব দেশে জন্মহার বেশি, সময়ের সঙ্গে সেসব দেশে তা কমে আসবে।
পিউয়ের হিসাব অনুযায়ী, ২০৭০ সালেও মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি থাকবে। তবে বর্তমানের তুলনায় তা কমে একজন নারীর গড়ে ২ দশমিক ২ সন্তানে দাঁড়াতে পারে।
গড় আয়ু
বিশ্বে মানুষের গড় আয়ু ২০২০ সালে ছিল ৭২ বছর। ২০৭০ সালে তা বেড়ে ৭৯ বছর হতে পারে। তবে অঞ্চলভেদে এ ক্ষেত্রে পার্থক্য থাকবে। ২০২০ সালে ইউরোপে মানুষের গড় আয়ু ছিল ৭৮ বছর। অন্যদিকে সাব-সাহারান আফ্রিকায় এ হার ছিল ৬১ বছর, যা বৈশ্বিক গড়ের চেয়ে কম। ২০৭০ সালে ইউরোপে গড় আয়ু ৮৬ বছর এবং সাব-সাহারান আফ্রিকায় ৭০ বছর হতে পারে।
ধর্মভিত্তিক গড় আয়ুর সরাসরি তথ্য না থাকায় গবেষকেরা ধরে নিয়েছেন, একটি দেশের সব ধর্মের মানুষের গড় আয়ু সে দেশের সামগ্রিক গড় আয়ুর সমান। ফলে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর গড় আয়ুর পার্থক্য মূলত তাদের ভৌগোলিক অবস্থানের প্রতিফলন।
২০২০ সালে ইহুদিদের গড় আয়ু ছিল সবচেয়ে বেশি-৮০ বছর। এরপর ধর্মীয় পরিচয়হীন মানুষের ৭৮ বছর এবং বৌদ্ধদের ৭৬ বছর। মুসলিমদের গড় আয়ু ছিল ৬৮ বছর, হিন্দুদের ৭০ বছর এবং খ্রিষ্টানদের ৭১ বছর। এ তিন ধর্মীয় জনগোষ্ঠীর গড় আয়ু ছিল বৈশ্বিক গড়ের নিচে। ২০৭০ সালে খ্রিষ্টান ও মুসলিম-উভয় জনগোষ্ঠীর গড় আয়ু ৭৭ বছর হতে পারে।
ধর্মীয় পরিচয় পরিবর্তন: শৈশবের ধর্ম ছাড়ছেন কারা
শৈশবে যে ধর্মের অনুসারী হিসেবে বেড়ে ওঠেন, প্রাপ্তবয়স্ক জীবনে সেই ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা কিংবা কোনো ধর্মের সঙ্গে যুক্ত না থাকাকে গবেষণায় ‘ধর্মীয় পরিচয় পরিবর্তন’ বা ‘রিলিজিয়াস সুইচিং’ বলা হয়েছে।
এ ক্ষেত্রে ‘ধর্মান্তর’ শব্দটি ব্যবহার করা হয়নি। কারণ, অনেকে শৈশবের ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ না করে ধর্মীয় পরিচয়হীন থাকেন। এ ছাড়া সাধারণত আনুষ্ঠানিক ঘোষণা বা ধর্মীয় আচার ছাড়াই এ পরিবর্তন ঘটে। একই ধর্মের অভ্যন্তরে পরিচয় পরিবর্তন, যেমন প্রোটেস্ট্যান্ট থেকে ক্যাথলিক হওয়া, এ হিসাবের আওতায় রাখা হয়নি।
ধর্মীয় পরিচয় পরিবর্তনের তথ্য নেওয়া হয়েছে ২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে ১১২টি দেশ ও ভূখণ্ডে পরিচালিত জরিপ থেকে। জরিপ অনুযায়ী, শৈশবের ধর্মে থেকে যাওয়ার হার সবচেয়ে বেশি মুসলিম ও হিন্দুদের মধ্যে-উভয় ক্ষেত্রেই ৯৯ শতাংশ। এরপর ধর্মীয় পরিচয়হীন মানুষের ক্ষেত্রে এ হার ৯২ শতাংশ, খ্রিষ্টানদের ৮৫ শতাংশ, বৌদ্ধদের ৮৩ শতাংশ এবং অন্যান্য ধর্মের অনুসারীদের ৭৮ শতাংশ।
গবেষণায় দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২০২৫ সময়ে একজন মানুষ খ্রিষ্টধর্মে যুক্ত হওয়ার বিপরীতে ২ দশমিক ৩ জন এ ধর্ম ছেড়েছেন। একইভাবে ধর্মীয় পরিচয়হীন মানুষের ক্ষেত্রে এ পরিচয় ছেড়ে অন্য কোনো ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার বিপরীতে ধর্মীয় পরিচয় গ্রহণকারীর সংখ্যা ২ দশমিক ৪ গুণ।
