শুক্রবার ২০, নভেম্বর ২০২৬

শুক্রবার ২০, নভেম্বর ২০২৬ -- : -- --

এমসি কলেজের ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্যাট-বলের লড়াই, রোমাঞ্চ আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে শেষ হয়েছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসর। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় মুরারিচাঁদ কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় সেঞ্চুরি ফাইটার্স ও গ্যালাক্সি ব্লাস্টার্স। দুই দলের খেলোয়াড়দের প্রাণপণ প্রচেষ্টা এবং মাঠে উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে উৎসবমুখর।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম এবং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল রাজ্জাক।

ডিগ্রি ক্লাবের সভাপতি সোহাগ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক পারভেজ আহমেদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ডিগ্রি ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ টুর্নামেন্ট কেবল শিরোপা জয়ের প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি উপলক্ষ। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে ক্রিকেটের মাঠে শিক্ষার্থীদের এমন সম্মিলন মুরারিচাঁদ কলেজের সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও উঠে এসেছে ক্রিকেটের ঐক্য ও দলগত শক্তির দিকটি। গ্যালাক্সি ব্লাস্টার্সের হাতে শিরোপা উঠলেও প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলের অংশগ্রহণই আয়োজনটিকে সফল করেছে। বিজয়ের উল্লাস ও প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি নিয়ে শেষ হলো ডিগ্রি ক্রিকেটের দ্বিতীয় আসর।

Link copied!