প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
উমাইয়া আহমেদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষির বহুমুখীকরণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষি ও মৎস্যসম্পদ রপ্তানি সম্প্রসারণে গবেষণাভিত্তিক কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।
সাক্ষাৎকালে উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলাবদ্ধতা ও কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাসের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অঞ্চলভিত্তিক গবেষণা এবং জলবায়ুসহিষ্ণু কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি খরিপ-১ মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬৫ হাজার হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। লবণাক্ততাসহিষ্ণু সূর্যমুখীসহ সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
এ ছাড়া সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন নিয়ে প্রাথমিক আলোচনা হয়। ২০২৭ সালের কোনো এক সুবিধাজনক সময়ে সমাবর্তন আয়োজনের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় উপাচার্য আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
