প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে শুরু হবে ‘টাইম জোন প্রেজেন্টস রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬’। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ দৌড়বিদসহ মোট ১ হাজার ১০ জন দৌড়বিদ অংশ নেবেন।
ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী রানার্স কমিউনিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে সুস্থ ও স্বাস্থ্য সচেতন জাতি গঠনের লক্ষ্যে রাজশাহী মহানগরে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ওয়ার্মআপ সেশন অনুষ্ঠিত হবে। সকাল ৬টায় শহীদ জোহা চত্বর থেকে শুরু হবে মূল দৌড়। সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ডিসি ট্রাফিক, পুলিশ সুপার এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকরা জানান, ম্যারাথনে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও শিশুদের জন্য ১ কিলোমিটার-এই চারটি ক্যাটাগরি রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে শুরু হয়ে কাজলা গেট, বিনোদপুর, চৌদ্দপাই, বিহাস মোড়, বাইপাস সড়কের মেহেরচন্ডি দায়রা পার্ক মোড়, মেহেরচন্ডি কড়ইতলা, বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফ্লাইওভার, অস্ট্রয় মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দৌড় শেষ হবে। সর্বোচ্চ ২১ দশমিক ১ কিলোমিটারের দৌড়টি নির্ধারিত রুটে দুই পাকে সম্পন্ন হবে।
