প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিদুল ইসলাম:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে এর প্রভাব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট রিডিং সার্কেল।
‘রাজনৈতিক আলাপন’ শীর্ষক এ আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আদনান আরিফ সালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় জীবনে এ দিনের প্রভাব ও তাৎপর্য নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
আলোচক তার বক্তব্যে ইতিহাসের গুরুত্বপূর্ণ এ অধ্যায়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর, মতবিনিময় ও চিন্তার আদান-প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে জ্ঞানভিত্তিক আলোচনা, পাঠচর্চা ও মুক্তবুদ্ধির চর্চাকে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জাতীয় রাজনীতি ও ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করবে।
