প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চীনা ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা ‘এইচএসকে’ (HSK) পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’-এ এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে রাবিতে আন্তর্জাতিক মানের এ পরীক্ষা আয়োজন করা যাবে।
সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি (Zhang Xi)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান সোমবার (১৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। এতে বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেড় হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Chinese: More Than a Language’। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশ নেয় রাবি প্রতিনিধিদল। বিশেষ করে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা, এইচএসকে পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবিতে এইচএসকে পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরা উপকৃত হবেন। বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নে এটি ভূমিকা রাখবে।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ অনুমোদনকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেন। তাঁর আশা, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, রাবি ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এ ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
