প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। সোমবার (১৬ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ। উৎসবে ছিল পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকাল ৯টায় বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান। পরে তাঁরা পিঠা উৎসবের স্টলগুলো ঘুরে দেখেন।
পিঠা উৎসবে বাংলার ঐতিহ্যবাহী প্রায় শতাধিক ধরনের পিঠা-পুলি প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে কৃষি অনুষদ কাজ করে যাচ্ছে। নবান্ন উৎসব সেই উদ্যোগের অংশ। ইতিহাস ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। তা না হলে নতুন প্রজন্ম গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হবে।
এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি অধ্যাপক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ কৃষি অনুষদভুক্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
