বুধবার ১১, নভেম্বর ২০২৬

বুধবার ১১, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবিতে দু’দিনব্যাপী সেলস কার্নিভাল শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

সেলস কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ‘সেলস কার্নিভাল’ শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে মার্কেটিং বিভাগের উদ্যোগে এ কার্নিভাল শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের শিক্ষার্থীরা সাধারণত চিকিৎসক, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয়। এ প্রচলিত মানসিকতা থেকে বেরিয়ে এসে মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। স্টার্টআপ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, একটি পরিশ্রমী জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক আর্থসামাজিক চিত্র পরিবর্তন করা সম্ভব। কৃষিপ্রধান দেশকে ক্রমান্বয়ে শিল্প ও প্রযুক্তিভিত্তিক দেশে রূপান্তরের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

সেলস কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। শিল্পখাতের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত একাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এ সেলস কার্নিভালে দেশের ২১টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Link copied!