রবিবার ১৫, নভেম্বর ২০২৬

রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় র‍্যালি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

‘ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’-এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক ও নীরব মহামারির রূপ ধারণ করেছে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ধরনে পরিবর্তন, অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগের অন্যতম প্রধান কারণ। সময়মতো সচেতন না হলে এটি শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে শুধু চিকিৎসা নিলেই চলবে না, জীবনযাত্রার ধরন বদলাতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ডায়াবেটিস সমিতির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ডা. অজয় কুমার, সহযোগী অধ্যাপক ডা. তাপস বোস, উন্নয়নকর্মী মানিক চৌধুরী, মজিদা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা এবং সমিতির আজীবন সদস্য আজিজুল হক।

বক্তারা বলেন, কুড়িগ্রামের প্রান্তিক জনপদে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা আরও বাড়ানো জরুরি। সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত হাঁটা ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এ রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!