রবিবার ১৫, নভেম্বর ২০২৬

রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে আত-তাহযিব মাদরাসায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

কুড়িগ্রামের খলিলগঞ্জে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার ক্যাম্পাস-৩-এ দিনব্যাপী ‘ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

মেলার প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও মডেল। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক্সপোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পর তারা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্পের কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে অতিথিদের বিস্তারিত তুলে ধরে।

প্রদর্শনীতে টেলিস্কোপ, রেডিও ও চাকার উদ্ভাবন, গ্রিনহাউসের প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন এবং সৌরজগতের মডেলসহ নানা শিক্ষণীয় প্রকল্প স্থান পায়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মাদরাসার শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. তোফায়েল হোসেন, উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, নাগেশ্বরীর আল জামিয়াতুল আরাবিয়া হামিদুস সুন্নাহ কাসেমুল উলুম আল কারামতিয়ার শাইখুল হাদিস মুফতি আব্দুল হান্নান কাসেমী, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দেওয়ান এনামুল হক এবং জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন আত-তাহযিব শিক্ষা পরিবারের চেয়ারম্যান আতিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শেখ নুর মোহাম্মদ, আত-তাহযিব আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। মাদরাসার শিক্ষার্থীরা কেবল দ্বীনি শিক্ষায় নয়, বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতেও সমানভাবে পারদর্শী-এই এক্সপো তারই এক অনন্য প্রমাণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দিনব্যাপী আয়োজনের শেষে সেরা প্রকল্পগুলোর নির্মাতাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিকেলে হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটে।

Link copied!