রবিবার ১৫, নভেম্বর ২০২৬

রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের আইইএলটিএস কোর্সের উদ্বোধন, ফি ফেরত পাবেন সেরা ২০ জন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

সংগৃহীত

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আইইএলটিএস প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সেশন’ ও ‘আইইএলটিএস ক্র্যাশ কোর্স-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ২০ জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিবন্ধন ফি ফেরত দেওয়ার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে ভাষাগত দক্ষতা ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ফলাফলভিত্তিক শিক্ষাক্রমে (ওবিই) ইন্টার্নশিপ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএসের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বিনা খরচে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান উপাচার্য। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্পর্ক সেবাদাতা ও গ্রহীতার নয়, বরং একটি পরিবারের মতো। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও বৃহৎ সংগঠন। সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা প্রয়োজন। ভালো কিছু অর্জনের জন্য শুধু একটি দক্ষতা যথেষ্ট নয়; বরং নিজেকে আরও যোগ্য করে তুলতে অতিরিক্ত দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. সালমা আক্তার, অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী বক্তব্য দেন।

পরে ইরাসমাস মুন্ডাস বৃত্তিবিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াসিন। তিনি বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া, একাডেমিক প্রোফাইল, ইউরোপাস জীবনবৃত্তান্ত এবং সুপারিশপত্র তৈরির বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

এরপর আইইএলটিএস ক্র্যাশ কোর্স-২০২৬-এর উদ্বোধনী ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক তাহিয়া তালবিয়া মিম আইইএলটিএসের চারটি অংশ—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিংয়ের প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সাস্ট ক্যারিয়ার ক্লাবের স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট ও স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট—এই তিনটি শাখার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Link copied!