প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল।
শনিবার (১৪ নভেম্বর) ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিবিষয়ক বিশেষজ্ঞ মিজ আরিয়ান জয় ওলেগারিওর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মিজ শিলা অ্যান এম. ডেভিড-কাস্ট্রো, আরবান ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ মি. ব্রায়ান কাপাতি এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি পার্টনারশিপ বিশেষজ্ঞ মি. শিপন কুমার দাস।
সাক্ষাৎকালে ‘অ্যাসপায়ার ফর উইমেন ইনিশিয়েটিভ’-এর আওতায় এডিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগে কর্মরত নারী পেশাজীবীদের জন্য মাস্টার্স পর্যায়ে বৃত্তি প্রদানের আগ্রহ প্রকাশ করেন এডিবি প্রতিনিধিদলের সদস্যরা।
এ ছাড়া এডিবির আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারীর ক্ষমতায়নবিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এডিবির যৌথ উদ্যোগে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টি উঠে আসে। এসব বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
এডিবি প্রতিনিধিদল প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এডিবির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় তিনি অতিথিদের ধন্যবাদ জানান।
