প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ ও ড. মোবারক আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাফিস আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়কা আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশে রসায়ন শিক্ষা ও গবেষণার উন্নয়নে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও টেকসই শিল্প উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নভিত্তিক নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো উদ্যোগ আরও জোরদার করতে হবে। গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের বৈজ্ঞানিক অগ্রগতি ত্বরান্বিত করতে শিক্ষক, গবেষক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পাটের আঁশসহ দেশীয় কাঁচামাল ব্যবহার করে নতুন পণ্য তৈরি এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে গবেষকদের প্রায়োগিক গবেষণা চালাতে হবে। মানুষের জীবনমানের উন্নয়ন ও সমস্যা নিরসনই গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকার আরও বেশি অর্থ বরাদ্দ দিতে আগ্রহী। দেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা কাজে লাগিয়ে সরকার জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। শিল্পকারখানায় দুর্ঘটনা প্রতিরোধে সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও রসায়ন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সময়মতো ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
