রবিবার ১৫, নভেম্বর ২০২৬

রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --

যৌথ ডক্টরাল প্রোগ্রামে ঢাবির সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

চীনা ভাষার ওপর যৌথ ডক্টরাল প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির (বিএনইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ঝৌ জুয়ু সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। পাশাপাশি, দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদারে একসঙ্গে কাজ করবে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োসায়েন্স, বায়োটেকনোলজি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মসূচি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে উভয় বিশ্ববিদ্যালয়।

Link copied!