শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
শুক্রবার ১৩, নভেম্বর ২০২৬ -- : -- --
শাবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ, কার্যালয়ে তালা শিক্ষার্থীদের
যৌন হয়রানির শিকার এক ছাত্রীর অভিযোগে যথাযথ সহযোগিতা না করা, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, জরিমানার অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীকে শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্যসহ নানা অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কার্যালয়ের কর্মচারীদের বাইরে বের করে দিয়ে সেখানে তালা দেন তারা। এ সময় প্রক্টরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
তালা দেওয়ার সময় জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব রিয়াজ হোসেন রিমন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালা দেওয়ার কারণ ব্যাখ্যা করে রিয়াজ হোসেন রিমন বলেন, ‘এই প্রক্টর বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ ছাড়া ভুক্তভোগী এক শিক্ষার্থীকে না জানিয়ে জরিমানা করে সেই অর্থ আত্মসাৎ, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য, বিচার চাইতে আসা শিক্ষার্থীকে উল্টো হয়রানি এবং সেবা নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সবসময় ধমকের সুরে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি-প্রক্টরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আমরা বিশ্বাস করি, তার এ ধরনের কর্মকাণ্ডের পর প্রক্টরের দায়িত্বে থাকার নৈতিকতা তিনি হারিয়েছেন।’
অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘গতকাল আমার কথায় যে শিক্ষার্থী কষ্ট পেয়েছিলেন, তার সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির বিষয়টি আলোচনার মাধ্যমে গতকালই সমাধান হয়ে গেছে। সুতরাং আজ তারা নতুন করে কেন তালা দিয়েছেন, সে বিষয়ে আমার কিছু জানা নেই। এটি এখন সম্পূর্ণ প্রশাসনের বিষয় এবং প্রশাসনই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে আমার ব্যক্তিগত আর কোনো মন্তব্য নেই।’
তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। কেউই আইন বা নিয়মের ঊর্ধ্বে নয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা সেটি সঠিক পন্থায় উপস্থাপন করতে পারে, কিন্তু প্রক্টর অফিসে তালা দেওয়া গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘গতকাল যে সমস্যাটি তৈরি হয়েছিল, তা সমাধানে আমি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে ফোন করেছি। ভুক্তভোগী মেয়েটিকে কল দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং বিষয়টির সমাধানও করা হয়েছে। মেয়েটি আমাকে ফোন করে তার সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমি মনে করি, আমাদের প্রক্টরিয়াল বডি ভালো কাজ করছে।’
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটের বিক্রয়কর্মীর বিরুদ্ধে শাবিপ্রবির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় সহযোগিতা চেয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি বিরূপ মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
পরে বুধবার বিকেলে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে গিয়ে তার কাছে জবাবদিহি চান। এ সময় আলোচনার একপর্যায়ে নিজের আচরণের জন্য ভুক্তভোগী ছাত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর। তবে পরদিন তাঁর বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তুলে কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা।