শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
বুধবার ১৪, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
প্রেমঘটিত কলহের জেরে বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত তিন দিনে বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীর মৃত্যু হলো।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। বাঁধন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক তরুণীর সঙ্গে বাঁধনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী ও তাঁর এক আত্মীয়ের সঙ্গে ফোনে বাঁধনের কথা-কাটাকাটি ও মান-অভিমান হয়। বাঁধনের ব্যবহৃত মুঠোফোনে এ-সংক্রান্ত কল রেকর্ড ও বার্তা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বাঁধনের সহপাঠীদের সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় বিষ পান করেন তিনি। প্রথমে বিষয়টি সহপাঠীদের জানাননি বাঁধন। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটু আগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। আমরা বিভাগের শিক্ষকেরা খবর পেয়েই হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছি।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জানি, যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের কলহ থেকেই সে বিষপান করেছে।’
বিভাগের সূত্রে আরও জানা যায়, এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় চার থেকে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিকে গত ১১ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত রহমান নাবিল। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
এর পরদিন ১২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হাসান। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।