প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম
শিক্ষার্থীদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ৬ দফা দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি সংসদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় সংগঠনটির পক্ষে জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ওপর একাডেমিক নিপীড়নের নিরপেক্ষ বিচার, নিপীড়নবিরোধী সেল গঠন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, মানোন্নয়ন পরীক্ষা চালু এবং শিক্ষক নিয়োগে ডেমো ক্লাসে শিক্ষার্থীদের ফিডব্যাক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, "একাডেমিক নিপীড়ন বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে একটি সক্রিয় 'একাডেমিক নিপীড়নবিরোধী সেল' গঠন করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে 'শিক্ষক মূল্যায়ন পদ্ধতি' চালু করা জরুরি।"
তিনি বলেন, "অনেক শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সময় দেন এবং যথাসময়ে পরীক্ষার ফলাফল বা নম্বর প্রদান করেন না। এই প্রশাসনিক অবহেলা বন্ধ করতে হবে। পাশাপাশি সকল বিভাগে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ, মানোন্নয়ন পরীক্ষা চালু এবং শিক্ষক নিয়োগের ডেমো ক্লাসে শিক্ষার্থীদের ফিডব্যাক ব্যবস্থা কার্যকর করতে হবে।"
জিয়া উদ্দিন আয়ান আরও বলেন, "শিক্ষার্থীদের সাথে আপনারা কোনো প্রতারণা করবেন না। তাঁদের একাডেমিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। প্রশাসন আশ্বস্ত করলেও এই দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে জাতীয় ছাত্রশক্তি আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"
