বুধবার ১৪, অক্টোবর ২০২৬

বুধবার ১৪, অক্টোবর ২০২৬ -- : -- --

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সৈকত হালদার সাময়িক বহিষ্কৃত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​অফিস আদেশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

​বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (ক্লাস রোল: ১১৮৬, রেজিস্ট্রেশন নম্বর: ২০২২২৫৫৭৯২) এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র।

​এদিকে, ঘটনার সার্বিক বিষয় অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুরকে সভাপতি করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​কমিটির অন্য দুই সদস্য হলেন— ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. আলমগীর কবির। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জাবি সাধারণ প্রশাসন ও আইন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদ।

অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্তকাজ শেষ করে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Link copied!