রবিবার ১১, অক্টোবর ২০২৬

রবিবার ১১, অক্টোবর ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আধুনিক ও সম্প্রসারণযোগ্য ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেলের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে স্থাপন করা হয়েছে ২৫টি ওয়াই-ফাই অ্যাকসেস পয়েন্ট, ২০৩টি ল্যান সংযোগ এবং বিভিন্ন ভবনে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার অবকাঠামো। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগে শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়নে পুরোনো রাউটার ও সুইচের পরিবর্তে উন্নত সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পাশাপাশি নবনির্মিত ছাত্র ও ছাত্রী হল পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগের অবকাঠামো তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।

আইসিটি সেলের পরিচালক ড. তানজিম মাহমুদ বলেন, আগে ক্যাম্পাসের অধিকাংশ নেটওয়ার্ক সংযোগ ওভারহেড কেবলের মাধ্যমে পরিচালিত হতো। নেটওয়ার্ক ছড়িয়ে দিতে সাধারণ মানের হোম রাউটার ব্যবহারের কারণে সব ব্যবহারকারীর জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করা কঠিন ছিল। বর্তমানে প্রধান নেটওয়ার্ক সংযোগগুলো ভূগর্ভস্থ করা হয়েছে এবং সাধারণ রাউটারের বদলে উচ্চক্ষমতাসম্পন্ন হুয়াওয়ে অ্যাকসেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য, এতে অধিকসংখ্যক ব্যবহারকারীকে স্থিতিশীল ওয়াই-ফাই সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি নেটওয়ার্ক র‍্যাকে ইউপিএস স্থাপন করা হয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও নেটওয়ার্ক সেবা সচল রাখার সক্ষমতা বেড়েছে। আগে নবনির্মিত আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ ছিল না। নতুন অবকাঠামোর মাধ্যমে সেসব হল পর্যন্ত ফাইবার সংযোগ সম্প্রসারণ করা হয়েছে।

নেটওয়ার্ক উন্নয়নের এ উদ্যোগকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি সালমান সিদ্দিকী জুয়েল। তিনি বলেন, ২৫টি ওয়াই-ফাই পয়েন্ট ও ২০৩টি ল্যান সংযোগ ক্লাসরুম এবং ল্যাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়াবে। এতে কোডিং, ল্যাবের কাজ, গবেষণা এবং ক্লাবের অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন ও কর্মশালা আয়োজন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির সাধারণ সম্পাদক লোরা চাকমা বলেন, নির্ভরযোগ্য নেটওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে পারে। তাঁর প্রত্যাশা, এর ফলে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন বাদশার মতে, আধুনিক নেটওয়ার্ক শিক্ষার্থীদের গতানুগতিক ক্লাস ও পরীক্ষার বাইরেও প্রযুক্তি ব্যবহার করে উচ্চতর চিন্তা ও শেখার সুযোগ তৈরি করতে পারে।

রাবিপ্রবি ফিশারিজ ক্লাবের সহসভাপতি শিরিন আক্তারও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নেটওয়ার্ক অবকাঠামো উন্নত হওয়ায় অনলাইন ক্লাস, গবেষণা, অ্যাসাইনমেন্ট ও তথ্য অনুসন্ধানে সুবিধা হবে। তবে আন্তর্জাতিক জার্নাল ও গবেষণা ডেটাবেসে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার, ডিজিটাল লাইব্রেরি, প্রাতিষ্ঠানিক ই-মেইল এবং শিক্ষামূলক সফটওয়্যার সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী শিক্ষার্থীদের ওয়াই-ফাই সুবিধা দায়িত্বশীলভাবে ব্যবহার এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণে যথাযথ দায়িত্বশীলতা না থাকলে সেবাটি আবার ভেঙে পড়তে পারে।

উপাচার্য আরও জানান, নেটওয়ার্কের গতি ও স্থিতিশীলতা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং সেবার বাস্তব মান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল শিক্ষাব্যবস্থা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। তবে এ সুবিধার দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন সেবা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স সম্প্রসারণ গুরুত্বপূর্ণ।

Link copied!