সোমবার ১২, অক্টোবর ২০২৬

সোমবার ১২, অক্টোবর ২০২৬ -- : -- --

মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত রহমান নাবিল। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে করে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন নাবিল। পথে তপোবন আবাসিক এলাকার সামনে স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নাবিলকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মুহিত জানান, শনিবার রাত ১টার দিকে নাবিলকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, নাবিলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তাঁর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম জানান, রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে মরদেহবাহী গাড়িটি নাবিলের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গেছেন। তাঁদের একজন নাবিলের সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা।

এদিকে, নাবিলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

Link copied!