শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬

শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬ -- : -- --

দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় দ্বিতীয়বার স্থান পাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ

দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। বিশ্ববিদ্যালয়টি থেকে টানা দুই বছর ধরে একমাত্র তিনিই এ তালিকায় স্থান পেয়েছেন বলে জানা গেছে।
গত বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের তালিকা প্রকাশ করে ‘টপ সায়েন্টিস্ট নেট’ নামের ওয়েবসাইট। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।
মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
জানা যায়, ২০২৬ সালের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকাটি বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স এবং কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় বিশ্বব্যাপী মোহাম্মদ শফি উল্যাহর অবস্থান ১,৩৯,৯৪১তম এবং ক্ষেত্রভিত্তিক গবেষণায় গাণিতিক পদার্থবিদ্যায় তাঁর অবস্থান ২,৫১০তম।
গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা ১,৮২৯। এখন পর্যন্ত তাঁর প্রকাশনার সংখ্যা ৮১টি। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, “আলহামদুলিল্লাহ, টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতা ও উৎসাহ আমার এই পথচলাকে সমৃদ্ধ করেছে।”

Link copied!