পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর চন্দ্র রায়
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি| ক্যাম্পাস রিপোর্ট
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সনাতন শিক্ষার্থীদের ‘ঋত সমাগম বিদ্যার্থী বরণ—১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন সনাতন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সীমান্ত চক্রবর্তী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের ঋত্বিক শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শান্ত মুকুন্দ দাস। এছাড়া সনাতন বিদ্যার্থী সংসদের পরিচিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা নিয়ে আলোচনা করেন সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস।
সীমান্ত চক্রবর্তী তার আলোচনায় সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং সনাতন ধর্মের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন সম্পর্ক তুলে ধরেন।
শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী তার বক্তব্যে ধর্মের নীতি-নৈতিকতা এবং গুরুজনদের সঙ্গে শিষ্যদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি সনাতন বিদ্যার্থী সংসদের শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের নিজস্ব ধর্মীয় সংস্কার, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আমরা বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি অন্য সব ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠা, সংগঠনের অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানটি সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবির উদ্যোগে বাস্তবায়িত হয়। সংগঠনটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং সনাতন ঐতিহ্যের সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচিত করার নানা আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা জোরদার করার পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সুন্দর ও ইতিবাচকভাবে এগিয়ে যেতে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।